চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজের (চমাশিহা মেডিকেল কলেজ) প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘অ্যালামনি এসোসিয়েশন’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। সকল প্রাক্তন শিক্ষার্থীর সম্মতিতে সম্প্রতি সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের ১ম ব্যাচের শিক্ষার্থী ডা. সাইফ উদ্দিন আজাদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৩য় ব্যাচের শিক্ষার্থী ডা. মো. মিনহাজ উদ্দিন।
এছাড়া কমিটিতে গুরুত্বপূর্ণ অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন:সিনিয়র সহ-সভাপতি: ডা. শওকত আজাদ, ডা. সৈয়দ আসিফুর রহমান, ডা. সাউদা সুলতানা ও ডা. মিথিলা দে।কোষধ্যক্ষ: ডা. সৈয়দ মোঃ আজিম উদ্দিন।
সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এক সুতোয় গেঁথে পারস্পরিক বন্ধন দৃঢ় করাই এই সংগঠনের মূল লক্ষ্য। এর পাশাপাশি মানসম্মত চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে প্রিয় প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে তাঁরা সক্রিয় ভূমিকা পালন করতে চান।
প্রতিষ্ঠানের এই নতুন যাত্রাকে সফল ও গতিশীল করতে সংগঠনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

