সময়সূচি ও যাত্রা বিবরণী
- ঢাকা থেকে ছাড়বে: প্রতিদিন রাত সাড়ে ৮টায়।
- চট্টগ্রাম পৌঁছাবে: রাত ২টা ৪০ মিনিটে (২০ মিনিট বিরতি শেষে রাত ৩টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে)।
- কক্সবাজার পৌঁছাবে: সকাল ৬টায়।
- ফিরতি যাত্রা: কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ৯টায় ছেড়ে চট্টগ্রাম হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে।
- সাপ্তাহিক বন্ধ: রোববার
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দেওয়া মহানগর এক্সপ্রেস হবে রেলওয়ে পূর্বাঞ্চলের সবচেয়ে দীর্ঘ রুটের ট্রেন। ১৬টি কোচ সংবলিত এই ট্রেনে শোভন চেয়ারের পাশাপাশি স্নিগ্ধা, এসি সিট এবং এসি বার্থের ব্যবস্থা থাকছে। মোট আসন সংখ্যা ১ হাজার ৩৬৬টি।
টিকিট বিক্রি শুরু চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর থেকে ট্রেনটি নিয়মিত চলাচলের সিদ্ধান্ত হওয়ায় গত ১৬ অক্টোবর থেকেই এর টিকিট বিক্রি শুরু হয়েছে।
দোহাজারী–কক্সবাজার রেলপথ চালুর পর এটি এই রুটে যুক্ত হওয়া পঞ্চম ট্রেন। এর আগে ঢাকা থেকে সরাসরি ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ এবং পরবর্তীতে চট্টগ্রাম থেকেও দৈনিক দুই জোড়া ট্রেন চালু করা হয়েছিল। নতুন এই সংযোজন দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণপিপাসুদের কক্সবাজার যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে আশা সংশ্লিষ্টদের।
