পিংক অক্টোবরের ধারাবাহিকতায় নভেম্বরজুড়ে চলমান ‘অওয়ারনেস টু কেয়ার’ (Awareness to Care) কর্মসূচির আওতায় রোববার (১৫ নভেম্বর ২০২৬) সিএসএসসিআর (CSCR) হাসপাতালের অপারেশন থিয়েটারে বিনামূল্যে ব্রেস্ট অপারেশন কার্যক্রম পরিচালিত হয়েছে।
এদিনের অপারেশন কার্যক্রমে সফলভাবে অংশ নেন ব্রিটিশ শল্যচিকিৎসক ডা. ল’রা জনসন (Laura Johnson) এবং ডা. মোং জাকের উল্লাহ। চিকিৎসকদের এই অপারেশন কার্যক্রম হাসপাতালের কনফারেন্স রুমের বড় স্ক্রিনে সরাসরি পর্যবেক্ষণ করেন চট্টগ্রামের তরুণ একদল শল্যচিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট সার্জারির শিক্ষার্থী। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পিংক অক্টোবর মাসে শনাক্ত রোগীদের মধ্য থেকে এ পর্যন্ত মোট নয়জন রোগীর বিনামূল্যে ব্রেস্ট অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
বিনামূল্যে পরিচালিত এই গুরুত্বপূর্ণ অপারেশন কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি সুদূর যুক্তরাজ্য থেকে এসে এই মহতী কার্যক্রমে স্বেচ্ছাশ্রম প্রদানের জন্য ব্রিটিশ চিকিৎসকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চসিক প্রশাসক বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমি—এই তিন স্তরের যৌথ উদ্যোগে বিগত ২০২৫ সাল থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।’ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুলভ মূল্যে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, এবারের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের কার্যক্রমে ক্যান্সার শনাক্ত রোগীদের বিনামূল্যে টিউমার বোর্ডে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হয়েছে এবং বিনামূল্যে অপারেশন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওপর অতিরিক্ত রোগীর চাপ কমাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে একাধিক মাল্টি-ডিসিপ্লিনারি (Multidisciplinary) ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে, চসিক প্রশাসকের সার্বিক নেতৃত্বে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানের এই মহতী উদ্যোগের জন্য উপস্থিত রোগীদের স্বজনেরাও সিএসএসসিআর এবং পিজিএস একাডেমির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
