চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠার পথ সুগম হয়।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি চট্টগ্রাম থেকেই মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদান এবং পরবর্তী রাজনৈতিক ইতিহাস যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের ইতিহাসকে সঠিকভাবে জানতে হলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহসহ ঐতিহাসিক বিষয়গুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করা জরুরি।
তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রশাসক বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে হলে ওই সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহ, সিপাহি জনতার ভূমিকা এবং দেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানতে হবে। ইতিহাসের সঠিক মূল্যায়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর যখন জাতি দিশেহারা, তখন চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি আবার ব্যারাকে ফিরে যান। একজন পেশাদার সৈনিক হিসেবে তাঁর দায়িত্ববোধ ও নেতৃত্বের প্রতি সিপাহিদের আস্থা পরবর্তী সময়ে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শ্রমিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি এবং তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়েও গুরুত্ব দিতে হবে। সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে নাজিমুর রহমান বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় সংকটের ধারাবাহিকতায় ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সংঘটিত ঘটনাবলি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভক্তি, পাল্টাপাল্টি অভ্যুত্থান এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে সিপাহি জনতার ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে জনতার কাতারে ফিরিয়ে আনার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাস নতুন মোড় নেয়।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়া, বিভাগীয় শ্রমিকদলের সহ সভাপতি শফিকুর রহমান চেয়ারম্যান, মোহাম্মদ জামাল উদ্দিন, শাহেনেওয়াজ চৌধুরী মিনু, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ সম্পাদক আবু জাফর, ইব্রাহীম ফরাজি, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ চান মিয়া। উপস্থিত ছিলেন কাজী আফসার, চট্টগ্রাম বন্দর ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, বন্দরের সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, অপু সিংহ, মুজিবুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান মাসুম, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মিয়া, কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, সিডিএ শ্রমিক দলের সাধারণ সম্পাদক, মো. মফিজ উদ্দিন, রিক্সা শ্রমিক দলের সভাপতি মাহমুদ কামাল উদ্দিন, চান্দগাঁও থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুর হান্নান রুবেল, পাহাড়তলী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি জাকের হোসেন মিন্টু, সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, হালিশহর থানা সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রফিক প্রমুখ।
