বাঁশখালীতে বসতবাড়িতে হামলা ও গোয়াল ঘরে অগ্নিসংযোগ

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

বাঁশখালীতে ৩ মাস আগে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় বাদির বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় ৩টি গরু ও একটি মোটরসাইকেলসহ দোকানের মালামাল লুটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ মে) বিকালের দিকে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭নং ওয়ার্ড এলাকায় শের আলীর ছেলে মোজাহের আহমদ ও তার ভাই জহির আহমদের বাড়িতে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামে শের আলীর ছেলে মোজাহের আহমদের সাথে একই এলাকার আলী আকবরের ছেলে দেলোয়ারের বিরোধ ও মামলা মোকদ্দমা রয়েছে। ৩ মাস আগে মোজাহের আহমদের ছেলে শাকিলকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দেলোয়ার ও তার লোকজনের বিরুদ্ধে মোজাহের আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এদিকে বেশ কয়েকদিন ধরে মোজাহের আহমদকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল দেলোয়ার ও তার লোকজন।

বিকেল ৩ টার দিকে দেলোয়ার ও আসামিদের নেতৃত্ব অর্ধ শতাধিক লোক মোজাহেরের বাড়িতে এসে মামলা তুলে নিতে গালাগালি ও হুমকি ধমকি দেন। এক পর্যায়ে মোজাহের আহমদের দোকান ও গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। খবর পেয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একটি মুদি দোকান, একটি গোয়াল ঘর,খড়ের পালা পুড়ে যায়। এসময় হামলাকারীরা ৩টি গরু ও একটি মোটরসাইকেলসহ দোকানের মালামাল লুট করে।
এদিকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক দেলোয়ার হোসেন নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এসময় দুর্বৃত্তদের হামলায় মোজাহের আহমদ, তার ভাই জহির আহমদ ও ছেলে শাকিলসহ ৫ জন আহত হয়েছে।

এই বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোয়াল ঘর এবং লাকড়ি রাখা খড়ের ঘরে আগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি, এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  লালমনিরহাটে বিজিবির অভিযানে গাঁজা ও ইস্কাফ সহ বিপুল মাদক জব্দ
শেয়ার করুন

মন্তব্য করুন