লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, নিরাপদ আশ্রয়ে বাঁশখালীর জেলেরা

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। ফলে উপকূলীয় বিভিন্ন নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। সমুদ্রের বাঁশখালী সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ।মঙ্গলবার সকাল থেকে দমকা বাতাসের সঙ্গে থেমে থেমে কখনো ভারী, আবার কখনো গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সমুদ্রের তাণ্ডবে টিকতে না পেরে মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা চাম্বল বাংলা বাজার ঘাট নদীসহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছেন।

এ ছাড়া ঢেউয়ের তাণ্ডবে ফিরে আসা জেলেদের চোখেমুখে রয়েছে হতাশার ছাপ। কারণ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন আশা নিয়ে রুপালি ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে গিয়েছিলেন তাঁরা।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।দেশের সব সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।

বাঁশখালী উপজেলার বাংলা বাজার ঘাট ঘুরে দেখা গেছে, একের পর এক সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ঘাটে এসে নোঙর করছে। জেলেরা জানান, ইলিশ পাওয়ার আশা নিয়ে গভীর সমুদ্রে গিয়েছিলাম। কিন্তু সাগর উত্তাল। ট্রলার নিয়ে সমুদ্রে টিকে থাকাই দায়। তাই কেউ জাল না ফেলে, আবার কেউ জাল তুলে তীরে এসেছেন। জেলে বলেন,সাগর উত্তাল হয়ে ওঠার কারণে জাল তুলে শূন্য হাতে ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছেন।’

মৎস্য মালিক সমিতির সভাপতি গাজী বলেন, বর্তমানে সাগর উত্তাল। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলার তীরে আসতে শুরু করেছে। এসব ট্রলার চাম্বল বাংলা বাজার ঘাটসহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। আবহাওয়া ভালো হওয়ার সঙ্গে সঙ্গে এসব ট্রলার আবার সাগরে যাত্রা করবে বলে জানান তিনি।

আরও পড়ুন  মা ও শিশু হাসপাতাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ  
শেয়ার করুন

মন্তব্য করুন