সাবেক এমপি জাফরের সর্বোচ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

নূর মোহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি :

শেয়ার করুন

চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের পেকুয়ায় বুধবার সকাল ১০টায় বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ এর সভাপতিত্বে চৌমুহনী চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পেকুয়ার ঐতিহ্যবাহী আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার থেকে শুরু হওয়া গণমিছিলটি চৌমহনীস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবকদল সভাপতি আহসান উল্লাহ এবং মহিলাদল সভানেত্রী জিনু।

উপজেলা বিএনপির সহ সম্পাদক শাহ নেওয়াজ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ বলেন, “সাবেক অবৈধ এমপি জাফর আলম চকরিয়া-পেকুয়ার মানুষকে বিগত ১৬ বছর জুলুম আর ত্রাসের রাজত্বে রেখেছিলেন। হত্যা, অপহরণ, ডাকাতি, গরু চুরিসহ এমন কোনো অপরাধ নেই, যা সে করেনি। সে প্রকাশ্যে অবৈধ অস্ত্র দিয়ে মানুষ হত্যা করত। আমরা জানতে পেরেছি, বর্তমানে তার নামে পেকুয়া থানায় রিমান্ডের নামে তামাশা চলছে। লোক দেখানো এই রিমান্ড জামাই আদরের মতো চলছে।

তিনি বলেন, “চকরিয়া-পেকুয়ার মানুষ জাফরের রক্তাক্ত শাসনের সাক্ষী। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই—রিমান্ড যেন সত্যিকারের জিজ্ঞাসাবাদে রূপ নেয়, লোক দেখানো না হয়।”

সমাবেশে সভাপতির বক্তব্যে প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, “জাফরের পৃষ্ঠপোষকদের রক্ষা নয়, বরং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেই আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।”

উল্লেখ্য, কর্মসূচিকে ঘিরে পেকুয়া চৌমুহনী চত্বরে নিরাপত্তা জোরদার করা হয় এবং যৌথবাহিনির টহল ছিল চোখে পড়ার মতো। তবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণমিছিল শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সচেতন মহল।

আরও পড়ুন  চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন জাহিদুল হাসান ও আমজাদ হোসেন চৌধুরী
শেয়ার করুন

মন্তব্য করুন