বাঁশখালীতে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, ৯টি বাস জব্দ করেছে সেনাবাহিনী

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে যত্রতত্র অবৈধভাবে
গাড়ি পার্কিংয়ের কারণে সড়কের জনকদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বার বার সতর্ক করার পরও সড়কের এক পাশ দখল করে সারিবদ্ধভাবে বাস পার্কিং করে যানজট সৃষ্টি করা হচ্ছে। সড়কের চলাচল রত যাত্রীদের অভিযোগে উপজেলার পুঁইছড়ি এলাকা থেকে ৯টি সুপার বাস জব্দ করেছে সেনাবাহিনী।
সোমবার (১৪ জুলাই) রাতে বাঁশখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর সা-আদাত এর নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, সোমবার ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঁশখালী সেনাবাহিনী টহল দল কর্তৃক পুইছড়ি হতে ৯টি বাঁশখালী সুপার সার্ভিসের বাস জব্দ করা হয়। তারা জানায়, বাসগুলো রাস্তার উপরে সম্পূর্ণ একটি লেন দখল করে পার্কিং করে রাখা ছিল। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। এমনকি একজন গুরুতর অসুস্থ রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স প্রায় ১৫ মিনিট সে যানজটে আটকা ছিল যা সেনাবাহিনী কর্তৃক ভিডিও চিত্রসহ এবং প্রত্যক্ষদর্শীসহ প্রমাণ রাখা হয়েছে। বাস কাউন্টারের ম্যানেজারের সাথে যোগাযোগ করে জানা যায়, বাসগুলো গত দুদিন ধরে একই অবস্থানে পার্কিং করা রয়েছে। ইতোপূর্বে একাধিকবার এমনকি ঈদুল আযহার পরেও উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের ব্যাপারে সকলকে বহুবার অবগত করা হলেও কার্যত কোন ফলাফল পরিলক্ষিত না হওয়ায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে সিএনজিতে দুর্বৃত্তদের বোমা হামলা, দগ্ধ দুই নারী
শেয়ার করুন

মন্তব্য করুন