বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে দেশব্যাপী আবারও ‘জুলাই জাগরণ’ নেমে আসবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কক্সবাজার শহর ও সদর উপজেলা শাখা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংস্কার, বিচার ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হলে, জাতি আবারো প্রতিরোধে নামবে। অতীতের মতো দিনের ভোট রাতে হলে, তা জাতির সঙ্গে প্রতারণা হবে। এভাবে চলতে থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ধ্বংস হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “গত সাড়ে পনেরো বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের সকল প্রতিষ্ঠান, সামাজিক শৃঙ্খলা ও শিক্ষাব্যবস্থাকে ভেঙে দিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য তরুণ প্রজন্ম ২০২৪ সালে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সেই শহীদদের আত্মত্যাগের স্বপ্ন এখনও পূরণ হয়নি।”
সমাবেশে জামায়াতের এমপি প্রার্থী ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর বলেন, “কক্সবাজারের মানুষ চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তার দিক দিয়ে বঞ্চিত। জেলার ত্রিশ লক্ষ মানুষের জন্য পর্যাপ্ত আইসিইউ, আধুনিক হাসপাতাল নেই। আমি অবিলম্বে কক্সবাজারে আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “পর্যটন শহর কক্সবাজারে নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের জন্য দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। নদী ও সমুদ্রভাঙন থেকে শহর ও শহরতলী রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
গণমিছিলটি হাশেমিয়া আলিয়া মাদরাসা গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ও নানা স্লোগানে সজ্জিত প্লেকার্ড হাতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। জনতার এমন উপস্থিতিতে শহরের পথচারী ও ব্যবসায়ীরা হাত নেড়ে অভিবাদন জানান।
শহর আমীর জননেতা আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলাওয়ার হোসাইন, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, সাবেক পৌর মেয়র সরোয়ার কামাল, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী, ‘জুলাই যোদ্ধা’ জুনাইদ হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল ও সদর সেক্রেটারি আজিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইদুল আলম, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহসিন, শহর সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
