চট্টগ্রামে সেতু ভেঙে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক ;

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাতে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন ২ নম্বর গেইট এলাকার স্টারশিপ পয়েন্টে একটি ব্রিজ আংশিকভাবে ভেঙে পড়েছে। বুধবার (৬ আগস্ট) রাতভর ভারী বর্ষণের পর পানির তীব্র চাপেই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। এর ফলে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, আরেক পাশে ঝুঁকি নিয়ে সীমিতভাবে চলাচল করছে যানবাহন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম। তিনি জানান, দুর্ঘটনা এড়াতে ব্রিজের আশপাশে সতর্কতা হিসেবে লাল ফিতা দিয়ে ঘেরা হয়েছে এবং পুলিশের একটি টহল দল ও ফায়ার সার্ভিস কর্মীরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বৃষ্টির কারণে নগরের নিচু এলাকাগুলোতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী মানুষজনকে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

এদিকে, পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) নগরীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির প্রভাবে শুধু সড়কপথ নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন এবং নাজিরহাট রুটের ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আরও পড়ুন  বাঁশখালির খাটখালী জেটিঘাটে ড্রেজিং বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
শেয়ার করুন

মন্তব্য করুন