চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারায় জুলাই আগষ্টের বর্ষপূর্তি ও
বিজয় মিছিলের প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে যুবদল ও ছাত্রদলকর্মীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।বুধবার(৬ আগষ্ট )রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নে পেল্ল্যার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন-বাঁশখালী উপজেলা যুবদলের নেতা মোঃ নজরুল ও শীলকূপ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আগামী ৮ আগষ্ট জুলাই আগষ্টের বর্ষপূর্তি ও বিজয় মিছিল উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলীর নিজ বাসভবনে প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। তাদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যুবদল নেতা মোঃ নজরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত মিজানুর রহমান বলেন,সভা থেকে আমরা স্বাভাবিকভাবে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে হঠাৎ আমাদের উপর অতর্কিত হামলা করেছে আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিএনপি নেতা ও ইউপি সদস্য আলী নবী ও মোস্তাক আহমদ বলেন, আহতরা যুবদল ও ছাত্রদল রাজনীতির সঙ্গে জড়িত। ঘটনা অবগত হয়ে বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে।হামলার ঘটনাটি সঠিক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।