logo
পেকুয়ার রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সংবাদ প্রকাশিত:

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ার ঐতিহ্যবাহী রাজাখালী এয়ারআলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাষ্টার মো. জাহেদ উল্লাহ। সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার আবু জাফর এম. এ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ফরিদুল মোস্তফা সিদ্দিকী এবং সহকারী শিক্ষক ছোটন কান্তি সুশীল।

অভিভাবক প্রতিনিধি হিসেবে মতামত তুলে ধরেন রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার বদরুল আলম, মো. আলী আজম, সাবেক শিক্ষার্থী লুৎফর রহমান কাজল, সামিমা ইয়াসমিন, মোহাম্মদ হুবাইব, ডা. রহুল আমিন, ব্যবসায়ী কামাল হোছাইন ও মোস্তাক আহাম্মদসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, প্রযুক্তির অবাধ ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত করছে। তাই অপ্রয়োজনীয়ভাবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে কঠোর নজরদারি প্রয়োজন। শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকলে বা পড়াশোনায় পিছিয়ে পড়লে তা দ্রুত অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে নিবিড় সমন্বয় ঘটলেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়মতো হোমওয়ার্ক সম্পন্ন করা, নৈতিকতা চর্চা ও শৃঙ্খলার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।সভা শেষে অংশগ্রহণকারীরা একমত হন যে,শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং বিদ্যালয় হবে শিক্ষার পাশাপাশি মানবিকতারও কেন্দ্রস্থল।

আরও পড়ুন  আজিমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রোটারিয়ান মোশাররফ হোসাইন