কক্সবাজার-৩ সংসদীয় আসন কমিটির উদ্যোগে জামায়াতে ইসলামী নির্বাচন ব্যবস্থাপ. না বিষয়ক কর্মশালা আয়োজন করেছে। বুধবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ কর্মশালায় আসন পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। শুভেচ্ছা বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট। দীর্ঘ দমন-নিপীড়নের পর মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে। রাষ্ট্র কাঠামোতে নতুন ধারা প্রবর্তনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এজন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং “পিআর” পদ্ধতির নির্বাচন চালু করা জরুরি। তারা বলেন, জনগণের প্রত্যাশিত রাজনীতি প্রতিষ্ঠায় নির্বাচনী কৌশল নির্ধারণ করে আস্থা অর্জন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
