বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই, ঈদগাঁওয়ে কাজ ফেলে উধাও ঠিকাদার

ঈদগাঁওয়ে কোটি টাকার ড্রেনেজ প্রকল্পে অনিয়ম

মোহাম্মদ সেলিম, কক্সবাজার সংবাদদাতা:

শেয়ার করুন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের কোটি টাকার ড্রেনেজ প্রকল্প নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও কাজ ফেলে ঠিকাদার প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

সরজমিনে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন দুই কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও স্টেশন থেকে বন্কিম বাজার পর্যন্ত দুই কিলোমিটার ড্রেনেজ প্রকল্প নির্মাণ কাজ চলছে প্রায় তিন বছর ধরে। যা নিয়ে দুর্ভোগের শেষ নেই ব্যবসায়ী ও পথচারিদের। কচ্ছপ গতিতে চলা এ নির্মাণ কাজের শুরু থেকেই শিডিউলের তোয়াক্কা না করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, পরিমাণ মত উপকরণ ব্যবহার না করা ,ড্রেনেজের পরিমাপ ঠিক না রেখে যেনতেন ভাবে রাতের আঁধারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান উইমার্ক ইন্টারন্যাশনাল।

বিশেষ করে এ নির্মাণ কাজে মাটি মিশ্রিত বালি,নিম্নমানের ইট-কংক্রিট ব্যবহার ও শিডিউল অনুযায়ী রড ও অন্যান্য উপকরণ ব্যবহার না করা ছিল নিয়মিত অনিয়ম। এছাড়া ড্রেনেজের উভয় পাশের ঢালাইয়ে মাটির দিকে টিন ব্যবহার না করেই ঢালাই শেষ করেছে। যার কারণে ঢালাইয়ের মূল উপাদান রস মাটি চুষে নেয়াতে ড্রেনেজের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে।এসব অনিয়মের কারণে বাজার এলাকার ইউপি সদস্য নুরুল হুদা কয়েক দফা কাজও বন্ধ করে দেন।

অপরদিকে শিডিউলে ড্রেনেজের সাথে টয়লেট লাইন সংযোগ দেয়ার নিয়ম না থাকলেও ব্যবসায়ীদের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রকৌশলী এস এম আবির উপজেলার সংশ্লিষ্ট বিভাগের উপপ্রকৌশলী কে ম্যানেজ করে গোপনে অবৈধ টাকার বিনিময়ে রাতের আঁধারে বাজারস্থ স্থাপনা মালিকদের টয়লেটের অবৈধ সংযোগ দিয়েছেন । এ নির্মাণ কাজের দৃশ্যমান অনিয়ম হচ্ছে ড্রেনেজ এর মাঝখানে ডজনাধিক বৈদ্যুতিক খুঁটি রেখে ঢালাই কাজ সম্পন্ন করা । এতে করে বৃষ্টি হলে এ ড্রেনেজ বাজারবাসীর জন্য অভিশাপ হয়ে উঠে।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ ও জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, নির্মিতব্য ড্রেনেজ এর কাজ সিডিউল মত হচ্ছে না। নানা অনিয়মের পর ড্রেনেজের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে ঢালাই কাজ সম্পন্ন করে তড়িঘড়ি কাজ বুঝিয়ে দেয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি । উক্ত অনিয়মের বিরুদ্ধে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

আরও পড়ুন  পেকুয়ায় বিশ্ব ধরিত্রী দিবসে মানববন্ধন

উপরোক্ত অভিযোগের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রকৌশলী এস এম আবিরের সাথে কথা হলে তিনি অন্য সব অভিযোগ অস্বীকার করে বৈদ্যুতিক খুঁটি সরাতে বিদ্যুৎ কতৃপক্ষ অসহযোগিতা করেছে অভিযোগ তুলে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেই ড্রেনেজের মাঝখানে খুঁটি রেখে ঢালাই কাজ সম্পন্ন করেছেন।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ঈদগাঁও জোনাল অফিস ডিজিএম রাজন পালের কাছে উপরোক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন,খুঁটি সরানোর আবেদন দেয়ার পর ঠিকাদার প্রতিষ্ঠান পরে কোন যোগাযোগ না করেই নির্মাণ কাজ চালিয়ে গেছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঈদগাঁও উপজেলা উপ প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল উপরোক্ত অভিযোগ গুলো এড়িয়ে অনিয়ম হলে তা খতিয়ে দেখবেন জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার সাথে কথা হলে জানান, যেহেতু প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন,সেহেতু বিস্তারিত তারা ভাল বলতে পারবেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোঃ: ইবনে মায়াজ প্রামাণিক এর সরকারি মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।পরে হোয়াটসঅ্যাপ এ ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া মিলেনি।

উল্লেখ্য,ছোট বড় তিন সহস্রাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান সমৃদ্ধ দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ বাজার হচ্ছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রধান কেন্দ্রস্থল ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজার। যার স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকাতে দূর্ভোগের সীমা ছিলনা। দেরিতে হলেও উক্ত ড্রেনেজ প্রকল্পের কাজ শুরুর পর ব্যবসায়ীরা দীর্ঘদিনের সমস্যা লাগবে আশায় বুক বেঁধেছিল। কিন্তু নানা অনিয়মে ভরপুর এ ড্রেনেজ নির্মাণ কাজ শেষ না করে বিগত এক বছর যাবত ঠিকাদার প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়াতে ড্রেনেজের পঁচা দুর্গন্ধযুক্ত পানি নির্দিষ্ট কোন স্থান দিয়ে বের হয়ে যাওয়ার ব্যবস্থা না করাতে বাজারের বন্কিম বাজার আলমাছিয়া ও ডিসি সড়কের উপর দিনরাত চব্বিশ ঘন্টা ময়লা দুর্গন্ধযুক্ত পানি জমে থাকার কারণে ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে অবর্ননীয় দূর্ভোগের পাশাপাশি সড়ক নষ্ট হয়ে খানাখন্দকে পরিণত হচ্ছে। তাই বাজারের ব্যবসায়ী ও পথচারীরা উক্ত অনিয়মের তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

আরও পড়ুন  গণতন্ত্রের জয় নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন:সালাহউদ্দিন আহমেদ
শেয়ার করুন

মন্তব্য করুন