ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক আইডি হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না।
সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফেসবুকে তার আইডি সার্চ করলে দেখা যায় সেটি অনুপস্থিত।
এ বিষয়ে ডাকসুর জিএস প্রার্থী এসএম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান—“আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতোমধ্যে সাসপেন্ডেড হয়েছে। অনেকগুলোর আইডি বারবার লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।”
অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী মু. সাজ্জাদ হোসাইন খান গণমাধ্যমকে বলেন—“সাদিক কায়েমের ফেসবুক আইডিতে ধারাবাহিকভাবে সাইবার অ্যাটাক হচ্ছে। এজন্য নিরাপত্তার স্বার্থে আইডিটি সাময়িকভাবে ডিঅ্যাকটিভেট করে রাখা হয়েছে।”
প্রতিপক্ষকে টার্গেট করার অভিযোগ
শুধু সাদিক কায়েমই নন, ডাকসুর ভিপি প্রার্থী উমামা ফাতেমাও একই অভিযোগ তুলেছেন। সোমবার (০৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন—“গতকাল রাত থেকে আমার আইডিতে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে। ইতোমধ্যে অনেক প্রার্থীর আইডি গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল—যাদের প্রতিপক্ষ মনে করা হচ্ছে, তাদের আইডিতেই এই রিপোর্ট মারা হচ্ছে।”
তিনি আরও যোগ করেন—“ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমানো হয়েছে। এখন সেটি সম্পূর্ণ গায়েব করে দেওয়ার চেষ্টা চলছে।”


