বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোরমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকাভুক্ত তিন একর জমি জবরদখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা শহীদের পিতা আব্দুল মতলবের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ২০২৩ তারিখে বিদ্যালয়ের পরিচালনা কর্তৃপক্ষ ও স্থানীয়রা উপস্থিত হয়ে বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণ করেন। কিন্তু চলতি বর্ষা মৌসুমে (২০২৫) সরকারী ছুটির সুযোগে বিদ্যালয়ের দখলকৃত জমিতে গাছ কেটে ফেলে নিষিদ্ধ আকাশমনি চারা রোপন করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের সীমানার পিলার উপড়ে ফেলে স্কুলের জমি দখলের অপচেষ্টা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে জরুরি অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। তবে অভিযোগভুক্ত ব্যক্তিরা সভায় উপস্থিত না হয়ে প্রতারণার আশ্রয় নেন বলে জানিয়েছেন অভিভাবকরা।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের জমি শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে সংরক্ষণ করা জরুরি। এ সময় তারা জমি জবরদখল বন্ধে সরকারের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।জরুরি সভায় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হুসেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও স্থানীয় অভিভাবকরা।
