logo
পাকুয়াখালিতে গণহত্যার বিচারের দাবিতে পিসিসিপি’র সভা
সংবাদ প্রকাশিত:

রাঙ্গামাটি লংগদু পাকুয়াখালি গণহত্যার বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা কনফারেন্স কক্ষে শোকসভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের লংগদু উপজেলার পাকুয়াখালি গণহত্যা ছিল একটি নৃশংসতম হত্যাযজ্ঞ। ১৯৯৬ সালের ওই নির্মম ঘটনায় শান্তিবাহিনীর হাতে ৩৬ কাঠুরিয়ার মধ্যে ৩৫ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। একমাত্র জীবিত বেঁচে যান মোহাম্মদ ইউনুস মিয়া। তার বেঁচে ফেরার মাধ্যমে সেই ভয়াবহ হত্যাযজ্ঞের সত্য উন্মোচিত হয়। ঘটনার পর সরকারি তদন্ত কমিটি গঠিত হলেও তার প্রতিবেদন আজও প্রকাশিত হয়নি। এমনকি প্রত্যক্ষদর্শী ইউনুস মিয়ার করা মামলাটিরও কোনো বিচার হয়নি দীর্ঘ ২৯ বছরে।

বক্তারা আরও বলেন, ৩৫টি পরিবার এখনও বিচারহীনতার বেদনা বয়ে বেড়াচ্ছে। নিহতদের পরিবার আজও চোখের জলে ভিজে আছে। দেশের আদালত এখনো বিচার দিতে ব্যর্থ হয়েছে। তারপরও আশা করি, সরকার একদিন এ নির্মম হত্যাযজ্ঞের বিচার করবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লংগদু উপজেলা সভাপতি সুমন তালুকদার।

এছাড়াও লংগদু উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

৩৫ কাঠুরিয়া পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় তিন শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠান বাস্তবায়ন করেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা পিসিসিপি সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

আরও পড়ুন  সচল রেলওয়েকে অচল করে দেওয়ার হুমকি, চট্টগ্রামে মানববন্ধন