কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে হত্যাচেষ্টা ও ডাকাতির প্রস্তুতির মামলার এজাহারনামীয় সাতজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে চারজন মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে থানার একটি আভিযানিক দল কালারমারছড়া ইউনিয়নের গহিন পাহাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মামলা নং-২০, তারিখ ১২/০৯/২০২৫ খ্রি., দণ্ডবিধির ৩৯৯/৪০২/৩০৭/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ ধারায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাতজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হাবিব (২৯), জসিম উদ্দিন (৩২), ইকবাল ফারুক (৩৯), মো. শাহিন (২৩), মো. আকাশ (২৩), মো. আজিজ (২৩) ও কালা মিয়া (২৩)।
মহেশখালী থানার ওসি বলেন, “গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় হত্যাচেষ্টা, ডাকাতির প্রস্তুতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের গ্রেফতার জরুরি ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের দাবি, গ্রেফতারকৃতরা এলাকায় ভীতি সৃষ্টি করছিল। তাদের আটক করায় জনমনে স্বস্তি ফিরেছে।


