logo
জয়ের জন্য যুবকদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে, চট্টগ্রামে অধ্যক্ষ হেলালী
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়তে হলে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “জয়ের জন্য যুবকদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করার বিকল্প নেই।”১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর বাদুরতলা এলাকার রেনেসাঁ ও মডার্ন স্কুল কেন্দ্রের স্থানীয় জনগণের সঙ্গে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের শুরা সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। এছাড়া আরও বক্তব্য রাখেন পারভেজ আলম, সিফাত হাসান, আমজাদ হোসাইনসহ স্থানীয় মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অধ্যক্ষ হেলালী বলেন, “বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে অবিচার, জুলুম ও স্বৈরশাসনের শিকার। তবে আজ মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। জনগণের এই গণআন্দোলনকে কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না। জুলুম থেকে মুক্ত হয়ে ন্যায় প্রতিষ্ঠার যে স্রোতধারা শুরু হয়েছে, সেটি বিজয়ের পথ তৈরি করবে।”

তিনি আরও বলেন, যুব সমাজ যদি সাহসিকতা, সততা ও ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত ও কল্যাণমুখী সমাজ গড়ে উঠবে। জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  চট্টগ্রামে অমর একুশে বইমেলা উদ্বোধন