পেকুয়ার মগনামায় প্যানেল চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা

নূর মোহাম্মদ, পেকুয়া (কক্সবাজার)

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বদিউল আলমের ওপর সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালিয়েছে। এসময় দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোদাইল্যাদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত বদিউল আলমকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন,
“আমার নিজ নামীয় লবণ মাঠে চাষি নাজেম উদ্দিন মৌসুমের শুরুতে মাঠ প্রস্তুত করছিলেন। এসময় কোদাইল্যাদিয়া এলাকার আবদুর রহমান, তাঁর ভাই আব্দুল হাকিম, আবু তাহের, মহিউদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুল মান্নান, মনছুর আলম ও জামাল হোসেনসহ কয়েকজন গিয়ে কাজে বাধা দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চাইলে তারা অর্তকিতভাবে আমার ওপর হামলা চালায়।”
তিনি আরও জানান, ২০১৮ সালে তিনি ওই জমি ক্রয় করেন এবং গত তিন বছর ধরে সেখানে নাজেম উদ্দিন নিয়মিত লবণ চাষ করে আসছেন। ভাড়াটে লোকজন দিয়ে তাঁর জমি অবৈধভাবে দখল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
চাষি নাজেম উদ্দিন বাদশাহ বলেন,
“সকালে মাঠে কাজ করার সময় ১০-১২ জন এসে বাধা দেয়। আমি জানাই—এ জমি প্যানেল চেয়ারম্যান বদিউল আলমের কাছ থেকে লাগিয়াত নিয়ে তিন বছর ধরে চাষ করছি। তারা আমাকে জোর করে মাঠ থেকে বের করে দেয়। আমি বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি গিয়ে প্রতিবাদ করলে তাঁকে মারধর করে আহত করা হয়।”
প্রত্যক্ষদর্শী শেফায়েত উল্লাহ বলেন, “মাঠে উত্তেজনা দেখে গেলে দেখি ৭-৮ জন মিলে মেম্বারকে পেটাচ্ছে। নিবৃত করার চেষ্টা করলে আমাকেও ইট দিয়ে আঘাত করে।”
আরেক প্রত্যক্ষদর্শী নাজেম উদ্দিন জানান, জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।
এদিকে বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি’র সাবেক সদস্য আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন,
“জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন  "ইসলামী সমাজ বিনির্মাণে যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে"অধ্যক্ষ আনোয়ারী
শেয়ার করুন

মন্তব্য করুন