কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক

এনামুল হক রাশেদীঃ

★ ১৩ নভেম্বর ‘লকডাউন’ ঘিরে সর্বোচ্চ সতর্কতা।★মেট্রোরেলের সব কর্মকর্তার ছুঠি বাতিল।

★ মাঠে থাকবে সেনাবাহিনী, সেনাবাহিনীর কিছু অংশ প্রত্যাহার আদেশ স্থগিত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামী ১৩ নভেম্বরের ঢাকা ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওইদিন কেউ রাস্তায় নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ ৯ নভেম্বর রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই বৈঠকটি মূলত হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার। তবে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে হঠাৎ করেই বৈঠকটি আহ্বান করা হয়। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতা ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। এদের প্রভাবে বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে কিছু নেতা–কর্মী ঢাকায় এসেছেন বলেও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। বরিশাল অঞ্চলের দুই সাবেক আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে তাদের অতীত কর্মকাণ্ড নিয়েও সতর্ক থাকার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একটি সূত্র জানায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকা সেনাবাহিনীর সদস্যদের কিছু অংশ প্রত্যাহারের আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এখনই সেনা সদস্যদের মাঠ থেকে সরানো হবে না।

গত মঙ্গলবারের বৈঠকে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছিল। তবে আজকের বৈঠকে তা পরিবর্তন করা হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “১৩ নভেম্বরের ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে।”

আরও পড়ুন  বাঁশখালী অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

মেট্রোরেলের সব কর্মকর্তার ছুটি বাতিলঃ

রাজনৈতিক অস্থিরতা আশঙ্কায় সতর্ক অবস্থানে মেট্রো রেল কতৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আজ রোববার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, স্টেশন ও সংশ্লিষ্ট স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।”
যদিও ছুটি বাতিলের কারণ আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়নি, ডিএমটিসিএল সূত্র জানায়, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে রায়ের তারিখ নির্ধারণ রয়েছে। একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো অনলাইনে ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী নাশকতা বা অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। তাই কর্মকর্তাদের ছুটি বাতিল এবং নজরদারি জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন