কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

পুর্বধারা ডেস্কঃ

আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তার স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে।

এর আগে হিরো আলমের স্ত্রী রিয়ামনি হিরো আলম ও আহসান হাবিব সেলিমকে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে হাতিরঝিল থানায় মামলা করেন। গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বাদীর আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নির্ধারিত সময়ে আদালতে হাজিরা দেননি। এ কারণে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। পরে হিরো আলম রিয়ামনিকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেন। গত ২১ জুন হাতিরঝিল থানাধীন একটি বাসায় পারিবারিক মীমাংসার লক্ষ্যে বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী, সে সময় হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়ামনি ও তার পরিবারের সদস্যদের প্রতি অশ্রাব্য গালিগালাজ করেন। পরে তারা রিয়ামনির বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করেন, এতে তার শরীরে জখম হয়। একই সঙ্গে তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইনও নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ আছে।

ঘটনার পর গত ২৩ জুন রিয়ামনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন  ঢাকায় ভূমিকম্পে অসংখ্য ভবনে ফাটল
শেয়ার করুন

মন্তব্য করুন