ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডটি পরিকল্পিত, নাকি বাসের যান্ত্রিক ত্রুটি থেকে তা নিশ্চিত নয়

পুর্বধারা ডেস্কঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে আগুনে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, শুক্রবার রাত ১০টার দিকে নাফ পরিবহনের মিনিবাসটি মহাসড়কের ওপর রেখে চালক চলে যান। রাতভর বাসটি সেখানে অবস্থান করছিল। ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া উড়তে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির ভেতরের সব সিট, কাঁচ ও অন্যান্য অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ওসি শাহীনুর আলম আরও বলেন, “অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, নাকি বাসের যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লেগেছে—এ মুহূর্তে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

আরও পড়ুন  রুয়েটে ভিসি হিসাবে যোগ দিচ্ছেন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম
শেয়ার করুন

মন্তব্য করুন