কোরআন-হাদিস চর্চাই শিক্ষার্থীদের জীবনে অনুপ্রেরণার মাইলফলক

নূর মুহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুত তাকওয়া বালক-বালিকা হিফজ মাদরাসা’র ৫ম বার্ষিক সভা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার (১৭ অক্টোবর) আন্তরিক ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের জীবন গঠন, চরিত্র নির্মাণ এবং কোরআন-হাদিসভিত্তিক আধুনিক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রচলনে মাদরাসাটি ইতোমধ্যে এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনেও ইসলামী আদর্শকে ধারণ করে একটি উত্তম সমাজ গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
দিনব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্নস্থান থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা, ইসলামিক আলোচক ও গবেষকগণ অংশ নেন। তারা কোরআন-হাদিসের আলোকে যুগোপযোগী শিক্ষা, চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি হিফজ সম্পন্ন শিক্ষার্থী—বালক ও বালিকাদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ ও পাগড়ি প্রদান করা হয়। এতে অভিভাবক, স্থানীয় গুণীজন, দাতা সদস্য, অতিথি ও বহু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ২৫ জন দক্ষ হাফেজ ও ক্বারি শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে পরিচালিত দারুত তাকওয়া পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়ায় প্রতিষ্ঠিত এলাকার প্রথম মহিলা হিফজ মাদরাসা হিসেবে অগ্রণী ভূমিকা রাখছে। দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার প্রসার, শুদ্ধ কোরআন শিক্ষা এবং নৈতিক সমাজ গঠনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন  "জামায়াত কর্মী আমজাদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবী জামায়াতের
শেয়ার করুন

মন্তব্য করুন