কক্সবাজারের পেকুয়ায় মাত্র দশ দিনের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের এবাদুল্লাহ পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম জানান, দুপুর আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তেই বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। কোন পুরুষ সদস্য ঘরে না থাকায় আগুন নিয়ন্ত্রণের সুযোগই মেলেনি।
স্থানীয়রা জানান, আবু তাহেরের বাড়ি থেকে শুরু হওয়া আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী সর্বোচ্চ চেষ্টা করলেও কিছুই রক্ষা করতে পারেনি। এদিকে ফুলতলা–হাজি মার্কেট সড়কে সংস্কার কাজ চলমান থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—মনিরুল ইসলামের ছেলে রহমত উল্লাহ, নাছির উদ্দীন, সাইফুল ইসলাম, ইউসুফ আলীর ছেলে আবু তাহের, মুরশিদা বেগম এবং চাঁদ মিয়ার ছেলে ছৈয়দনুর।মগনামা ইউপি’র প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন,
“দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। অন্তত ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই শীতের রাতে পরিবারগুলো সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে।”পেকুয়া ফায়ার সার্ভিসের সাব–অফিসার শফিউল আলম বলেন,
“আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রওনা দেই। কিন্তু ফুলতলা স্টেশনের পর সড়কের প্রতিবন্ধকতার কারণে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।” তিনি জানান, হতাহতের ঘটনা ঘটেনি।
