গণতন্ত্র রক্ষা ও সুসংহত করতে ধানের শীষে ভোট চেয়ে আবেগঘন বক্তৃতা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক তিনবারের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “গণতন্ত্রের প্রতীক ধানের শীষ। উন্নয়নের মার্কা ধানের শীষ। স্বাধীন পরিবেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের প্রতিটি ভোট প্রয়োজন।”
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাঁকোর পাড় স্টেশনে নির্বাচনী গণসংযোগের প্রথম দিনের পথসভায় তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের রোষানলে কারাভোগের সময় আমার অনুপস্থিতিতে আপনারা আমার সহধর্মিণীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন। আজ ফ্যাসিবাদের অবসান হয়েছে, গণতন্ত্র মুক্ত হয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করার সুযোগ দিন।”
তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমাকে গুম করে হত্যার চেষ্টায় ছিল। আপনাদের দোয়ায় মৃত্যুর পথ থেকে ফিরে এসেছি। আপনাদের ভালোবাসার ঋণ রক্ত দিলেও শোধ হবে না।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি শৃঙ্খলা বজায় রেখে রাজনৈতিক কার্যক্রম চালানোর আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে এলাকায় ফিরতে দেরি হয়েছে—এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী তারেক রহমানের জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইনসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।শিলখালী, বারবাকিয়া, ধনিয়াকাটা ও টইটং বাজারে পথসভা শেষে তিনি রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজার জমিদার বাড়িতে মতবিনিময় সভায় যোগ দেন।
