কক্সবাজারের পেকুয়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিয়ার হাসান (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার শাহ আলমের পুত্র।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পেকুয়া উপজেলার টইটং বাজারের দক্ষিণ পাশে এবিসি সড়কের একটি কালভার্টের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পিয়ার হাসান পেকুয়া থেকে মোটরসাইকেলে করে সাতকানিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরক্ষণেই চট্টগ্রামগামী একটি মালবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এমইউপি নজরুল ইসলাম। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পেকুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী নিহত
সংবাদ প্রকাশিত: