পটিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পটিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ, অবৈধ মাছ শিকার রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণভোটের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

পটিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াছ, সাংবাদিক রবিউল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। এছাড়াও মৎস্যজীবী ও প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশগ্রহণ করেন।সভা শেষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সচেতন অংশগ্রহণ এবং হালদা নদীর মৎস্য সম্পদ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে মৃত্যুদণ্ডাদেশ
শেয়ার করুন

মন্তব্য করুন