logo
ভূমি ও নাগরিক অধিকার রক্ষার দাবিতে বান্দরবানে মানববন্ধন
সংবাদ প্রকাশিত:

বান্দরবান পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনার বৈষম্য নিরসন, নাগরিক অধিকার সুরক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে বান্দরবান আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে আয়োজিত এ মানববন্ধনে ব্যানারে উত্থাপিত বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— বাজারমূল্যে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, দীর্ঘদিন ঝুলে থাকা ভূমি ও বসতভিটার মামলা দ্রুত নিষ্পত্তি, জমি ক্রয়-বিক্রয় ও নামজারির ক্ষেত্রে তিন দফা এনওসি প্রথা বাতিল, ৬১ জেলার ন্যায় পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু, ভূমি ক্রয়-বিক্রয়ে হয়রানি বন্ধ, প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ ভূমি অফিস স্থাপন, ভূমি দখল ও খাজনা পরিশোধে সহজ সুযোগ সৃষ্টি এবং জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এসব অনিয়ম ও হয়রানি বন্ধে দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধান প্রয়োজন বলে তারা দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমান (মুজিব)। এসময় নাগরিক পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কয়েকশো নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন  বান্দরবানে এনসিপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত