ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী নিরাপত্তায় ১০ হাজার আনসার মোতায়েন

প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে, ৩ জনের হাতে থাকবে অস্ত্র।

হারুন আল রশিদ, ব্রাহ্মণবাড়িয়াঃ

শেয়ার করুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের বিশাল হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও ভিডিপি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অনুষ্ঠিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, এনডিসি, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ৮০৫টি ভোটকেন্দ্রে মোট ১০ হাজার আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে সদস্য নিয়োজিত থাকবেন, যাদের মধ্যে ৩ জন সদস্য অস্ত্র বহনের অনুমতি পাবেন।
তিনি আরও বলেন, “নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করা প্রতিটি আনসার সদস্যের ঈমানি দায়িত্ব। সদস্যদের থাকা-খাওয়ার বিষয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ রয়েছে।”
স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি জানান, দায়িত্ব পালনকারী কোনো সদস্যকে নগদ টাকা প্রদান করা হবে না। তাদের প্রাপ্য ভাতা সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে। নির্বাচনের ৮ দিন আগ থেকেই সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস; ১৫ আনসার ব্যাটালিয়ন সুহিলপুরের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মনিরুজ্জামান।
প্যারেডে জেলার ৯টি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশিক্ষক, মহিলা প্রশিক্ষকসহ মাঠপর্যায়ের হাজারো সদস্য অংশগ্রহণ করেন। সুশৃঙ্খল এই প্যারেডের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলাজুড়ে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আরও পড়ুন  নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি এলেই তফসিলের বিষয়ে সিদ্ধান্ত’
শেয়ার করুন

মন্তব্য করুন