logo
চট্টগ্রাম-১০ আসনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর নির্বাচনী ইশতেহার প্রকাশ
সংবাদ প্রকাশিত:
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি ২০২৬) নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন সাবেক কাউন্সিলর হিসেবে অতীতে জনগণের সেবা করেছেন। তিনি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, সুশাসন এবং টেকসই উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির চট্টগ্রাম মহানগর আমীর মাওলানা জিয়াউর হোসাইন, হালিশহর থানা আমীর ও চট্টগ্রাম-১০ আসনের পরিচালক ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমীর মুহাম্মদ নুরুল আলম ও খুলশী থানা সেক্রেটারি আমান উল্লাহ আমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নগর জামায়াত আমীর বলেন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর নির্বাচনী ইশতেহার চট্টগ্রাম-১০ আসনের দীর্ঘদিনের সমস্যার বাস্তবসম্মত ও জনআকাঙ্ক্ষাভিত্তিক সমাধানের রূপরেখা। তিনি আগামী নির্বাচনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর পক্ষে ঐক্যবদ্ধভাবে সমর্থন জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী নিজে তাঁর নির্বাচনী ইশতেহার পাঠ করেন। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে চট্টগ্রাম-১০ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে ২৬টি বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী ও যুব সমাজের ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং অবকাঠামোগত উন্নয়ন।
তিনি এসব পরিকল্পনা বাস্তবায়নে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন  নালায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল চাক্তাই খালে