ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীকে ‘রুমে ঢুকে লাথি দেওয়ার’ হুমকি ঠিকাদারের

ফটিকছড়ি সংবাদদাতা :

শেয়ার করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে মুঠোফোনে অশালীন ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে।

তিনি ‘মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্স’-এর ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চারিদিকে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া কল রেকর্ডে ঠিকাদার উপজেলা প্রকৌশলীকে উদ্দেশ্যে করে বলতে শোনা যায়, “রুমে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেব। ব্যাংকে যে চিঠি লিখেছিস, সেটি এখনি সরিয়ে নে। আমার বিল আটকে রেখেছিস, বিল দেওয়ার ব্যবস্থা কর। ফটিকছড়িতে থাকতে হলে আমার অনুমতি নিয়ে থাকতে হবে। তাকে আরো বলতে শুনা যায়, তুর এক্সসিএনের সামনে দাঁড়িয়ে তুরে গালি দিচ্ছি, ঘরে বসে না ”।

অডিওতে স্থানীয়ভাবে প্রভাব খাটানোর ইঙ্গিত এবং সরকারি অফিসে ঢুকে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও শোনা গেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, একজন সরকারি কর্মকর্তাকে এভাবে হুমকি দেওয়া গুরুতর অপরাধ। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মহসিন হায়দারকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এদিকে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী ঠিকাদারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, অনিয়মের কারণে বিল স্থগিত করায় ঠিকাদার ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন। ইতিপূর্বেও এ ঠিকাদার এসে অফিসে গালাগালি করতো, ত্রাস সৃষ্টি করতো। এখনো আবার নতুন করে তাই করতে চাচ্ছে। বিষয়টি চট্টগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন  বাঁশখালীতে পুলিশের তাড়া খেয়ে সড়কে প্রাণ গেল যুবকের
শেয়ার করুন

মন্তব্য করুন