logo
অদক্ষ ড্রাইভিংয়ে পেকুয়ায় সড়ক দুর্ঘটনা, ঈদের দিনে শিশুসহ আহত ৮
সংবাদ প্রকাশিত:

কক্সবাজারের পেকুয়ায় অদক্ষ ড্রাইভিং ও বেপরোয়া গতির কারণে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (ঈদের দিন) দুপুর দেড়টার দিকে উপজেলার পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া বাজার থেকে মগনামামুখী একটি যাত্রীবাহী অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাজেরো জীপ সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে গুরুতর আহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন— সাজ্জাত হোসেন (২২), মঞ্জুর আলম (৪৫), আসকর আলী (১৬), মোবারক (১১), ইব্রাহিম (২৮), নুর খান (২২), মিজান (১৬) ও কলি আক্তার (৪)। তাদের সবার বাড়ি মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায়। গুরুতর আহত শফিকুল ইসলাম (১৫) ও মোবারক (১৪)-কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের অধিকাংশের মাথা ও মুখে গুরুতর আঘাত লেগেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতরদের চট্টগ্রামে রেফার করা হয়েছে।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় জড়িত পাজেরো জীপটি জব্দ করেছে। বৃষ্টির কারণে সড়ক কর্দমাক্ত থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে বলে জানা যায়। একই দিনে উপজেলার পৃথক স্থানে আরও অন্তত ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্টদের মতে, অদক্ষ চালক, ট্রাফিক আইন অমান্য ও বেপরোয়া গতিই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ, গতিসীমা নিয়ন্ত্রণ, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং আইন প্রয়োগে কঠোরতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন  চকরিয়ার থেকে অপহৃত শিশু ছাত্রী উদ্ধার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে