দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মতামত ও মৌলিক অধিকার উপেক্ষিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ও মতামতকে পাশ কাটিয়ে কোনো টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান বাস্তবতায় এসব অধিকার বারবার উপেক্ষিত হওয়ায় জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।”
শনিবার চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবুল বাশার।
মুহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন, “গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের গড়িমসি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়।” তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকলে জনগণের আস্থা নষ্ট হয় এবং সেই শূন্যতা সমাজে দীর্ঘমেয়াদী সংকট তৈরি করতে পারে।
তিনি দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও সমালোচনা করে বলেন, “জ্বালানি তেল সংকটসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের অভাব স্পষ্ট। এতে করে শিল্প, কৃষি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে।” তার মতে, সঠিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এসব সংকট মোকাবিলা করা সম্ভব হলেও তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে না।
রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নব্য ফ্যাসিবাদী প্রবণতা সমাজে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করতে হবে।” তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংগঠনের কর্মীদেরকে আদর্শিকভাবে সুসংগঠিত হতে হবে এবং জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শক্তি এবং নৈতিক নেতৃত্ব অপরিহার্য। ইসলামী আন্দোলনের কর্মীদের নিজেদের চরিত্র গঠন, জ্ঞান অর্জন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর এবং চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীম।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের রুকনদের আদর্শিক প্রশিক্ষণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষাশিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।


