গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের কালুর দোকান পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পাবলিক হল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জোটভুক্ত বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা না করে সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। তাদের দাবি, জনগণের বিপুল সমর্থন থাকা সত্ত্বেও সেই রায়কে উপেক্ষা করা হচ্ছে, যা জনমনে অনাস্থা সৃষ্টি করছে।
বক্তারা আরও বলেন, সংসদে জ্বালানি সংকট না থাকার দাবি করা হলেও বাস্তবে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে তীব্র সংকট ও ভোগান্তি দেখা যাচ্ছে। একই সঙ্গে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস বেড়ে যাওয়ার অভিযোগও তুলে ধরেন তারা।
সমাবেশে নেতৃবৃন্দ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নিলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলন শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য ছিল না, বরং একটি কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে ছিল। তিনি বলেন, জাতীয় নির্বাচনের ফল মেনে নেওয়া হলেও গণভোটের রায় উপেক্ষা করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস, জেলা জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুক, এনসিপির ওমর ফারুক, এলডিপির রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
Posted By mmohi On In কক্সবাজার | Comments Disabled