logo
সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, সচিবসহ ১১ জনকে অব্যাহতি
সংবাদ প্রকাশিত:

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিবসহ ১১ জন পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ওই পরীক্ষাকেন্দ্রে ভুল প্রশ্নে ১৭৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। দুই ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হস্তক্ষেপে (১২৫ মিনিট) নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এ জন্য পরীক্ষার্থীদের ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়। আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন বাহার স্বাক্ষরিত অফিস আদেশে ওই কেন্দ্রের ১১ জন কক্ষ পর্যবেক্ষককে এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের শিউলী আক্তার; সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের ফারজানা হোসেন স্বপ্না; পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয়ের মনোয়ারা বেগম, রওনক আরা বেগম, আনিসুর রহমান; মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের ছানোয়ার বেগম; জামপুর মাঝেরচর উচ্চবিদ্যালয়ের আব্দুল হামিদ; সোনারগাঁ আইডিয়াল স্কুলের সুমাইয়া আক্তার; ছায়েদা খাতুন ইসলামিক দাখিল মাদ্রাসার মোশারফ হোসেন; আলী আকবর হাই স্কুল অ্যান্ড কলেজের বদরুন নাহার ইভা ও সাদিপুর উচ্চবিদ্যালয়ের মনিরুজ্জামান।

এদিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত চিঠিতে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আসিফ আল জিনাত জানান, ইতিমধ্যে কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়ে তাঁর পরিবর্তে নতুন কেন্দ্রসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চিঠির পরিপ্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে ঈদে মিলাদুন্নবী (স:)  উদ্‌যাপনের লক্ষ্যে মতবিনিময় সভা