চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় ভয়াবহ অনুপস্থিতির ঘটনা শিক্ষা অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নবম দিনের পরীক্ষায় সারাদেশে ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৯ জন পরীক্ষার্থীকে।
রোববার (১০ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের পড়াশোনাবিমুখতা, কিশোর গ্যাং সংস্কৃতি, অনলাইন গেম ও জুয়ায় আসক্তি উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় শিক্ষাক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ছে।
আজ সারাদেশে সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে রসায়ন-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১৫ লাখ ৮ হাজার ৬৬৩ জন। অর্থাৎ একদিনেই প্রায় ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বোর্ডে ৩ হাজার ৫০১ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৯৬৮ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩০৬ জন, যশোর বোর্ডে ১ হাজার ৬২৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২১৩ জন, সিলেট বোর্ডে ৭৯৮ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৫৯ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৩৬৩ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৯৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সবচেয়ে বেশি অনুপস্থিতি দেখা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৭৯৭ জন পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী।
অন্যদিকে অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে ৩ জন, ঢাকা ও যশোর বোর্ডে ২ জন করে এবং সিলেট ও কারিগরি বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। তবে কোনো পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ব্যাপক অনুপস্থিতি দেশের শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত। তারা বলছেন, সামাজিক অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার, অনলাইন জুয়া ও পাবজিসহ বিভিন্ন গেমে আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ পড়াশোনা থেকে সরিয়ে নিচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অনুপস্থিত শিক্ষার্থীদের কারণ খুঁজে বের করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও বড় সংকট তৈরি হতে পারে। একইসঙ্গে অনলাইন জুয়া ও ক্ষতিকর গেম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক শিক্ষকরা ও সচেতনমহল।
এসএসসিতে নজিরবিহীন অনুপস্থিতি, উদ্বেগে শিক্ষা অঙ্গন
সংবাদ প্রকাশিত: