চট্টগ্রাম বিআরটিএ’র মেট্রো সার্কেল-২ ও জেলা সার্কেলে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩ ঘণ্টার দালাল বিরোধী অভিযানে দুই জনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই দিনে নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে যানবাহনের কাগজপত্র সঠিক না থাকায় ৫টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দণ্ডিতরা হলেন- হাটহাজারী এলাকার খন্দকীয়া গ্রামের আব্দুল আলীর ছেলে মো. সেলিম (৫৬) ও কুমিল্লার লাকসাম থানার গোতারু গ্রামের শমিকুর রহমানের ছেলে মো সাহাবুদ্দিন (৬০)।
অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। তিনি জানান, জনগণের হয়রানি কমাতে দালাল ও সড়কে দুর্ঘটনা এড়াতে অবৈধ গাড়ির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।