সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২১ মে ) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা এর মাধ্যমে আজ ২১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় রাডার কন্টাক্টের মাধ্যমে একটি বোটকে সমুদ্রে ভাসমান অবস্থায় শনাক্ত করা হয়। অতঃপর উক্ত বোটের পাশে গমন করে জানা যায় ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে বোটটি গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল হতে মৎস্য আহরণের নিমিত্তে সমুদ্রে গমন করে। পরবর্তীতে, ইঞ্জিন বিকল হয়ে গত ৩ দিন যাবৎ বোটটি কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকে। এরপর কোস্ট গার্ড জাহাজ কর্তৃক ওই বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় খাবার এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। উদ্ধারকৃত বোট ও জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন  মাদ্রাজী শাহ পাড়া প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
শেয়ার করুন

মন্তব্য করুন