চিরনিদ্রায় শায়িত নওগাঁর ১০ যুবক

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের তিন গ্রামের ৯ যুবক ও নিয়ামতপুর উপজেলার একজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক সঙ্গে ৬ যুবকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে পৃথক জানাজায় আরও তিনজনকে দাফন করা হয়।সেই সাথে একই সময়ে নিয়ামতপুরে একজনের দাফন করা হয়।

এদিকে নিহত যুবকদের শেষ বিদায় জানাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষের ঢল নামে রাজেন্দ্রবাটি গ্রামে। এখনও এলাকাজুড়ে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।

শোকে স্তব্ধ রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মুশিদপুর গ্রাম।জানাজায় উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও মোস্তাফিজুর রহমান সুমনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

মান্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত প্রত্যেক পরিবারের জন্য নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

এছাড়া টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে দাফনের জন্য আরও ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই ফেরিওয়ালা ছিলেন। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর কলোনিতে ভাড়া বাসায় থেকে ব্যবসা পরিচালনা করছিলেন।

আরও পড়ুন  বন্দর -ইপিজেড পতেঙ্গায় ধর্মীয়  ভাবগাম্ভীর্য মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত  

রাজশাহীর বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ বলেন, নিহত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রতি পরিবারের মাঝে ২৫ হাজার টাকা এবং শুকনা খাবার বিতরণ করা হয়ে। আরো প্রতিটি নিহত পরিবারকে ৫ লাখ টাকা প্রদান করা হবে।এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনায় আমরা সকলেই শোকাহত।

প্রসঙ্গত, সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতিতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ১০ জনের বাড়ি নওগাঁয়। নিহতদের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রটি গ্রামে ৭ জন, পাকুড়িয়া গ্রামের ২ জন এবং নিয়ামতপুর উপজেলার ১জন। নিহতরা সকলেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন।

শেয়ার করুন

মন্তব্য করুন