logo
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসের শেষ অধ্যায়
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে আলোচিত এ অঞ্চল আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে এবং রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বিশেষ আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কার্যকর আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। তিনি বলেন, “রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, সলিমপুর, জঙ্গল সলিমপুর, আলীনগরসহ পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য। এ জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, জঙ্গল সলিমপুর এলাকায় পরিকল্পিত সরকারি স্থাপনা ও প্রশিক্ষণ একাডেমি নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের বর্তমান কেন্দ্রীয় কারাগার বায়েজিদ লিংক রোডসংলগ্ন এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত সরেজমিন পরিদর্শন করবেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, জঙ্গল সলিমপুরে শুধু পুলিশ নয়, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ রাষ্ট্রের সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও বোয়ালখালীসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের তালিকা ও আস্তানা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলাকারী ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের সব ধরনের সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।
সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ৩৩০ দুষ্কৃতিকারী চট্টগ্রামে প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার