কক্সবাজার জেলার নব গঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক শিশুর লাশ পরিত্যক্ত পঁচা ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার শিশু ওয়াহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। সে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি পরিত্যক্ত ডোবা ও সংলগ্ন খালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে।
স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রাথমিকভাবে অপহরণ কিংবা হত্যার সন্দেহ দেখা দিলেও তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রহস্য উদঘাটনে সন্দেহভাজন একই এলাকার কাজল,আরমান ও তারেক নামের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


