logo
চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম: ইলমা (ELLMA) এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর উদ্যোগে চট্টগ্রাম নগরে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পের আওতায় ২৯ জুন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সিএসও নেটওয়ার্কের প্রতিনিধিদের অংশগ্রহণে এবং ৩০ জুন টাইগারপাস এলাকায় তৃণমূল পর্যায়ের নারীদের অংশগ্রহণে পৃথকভাবে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় নারী নির্যাতন প্রতিরোধ এবং সর্বস্তরে নারীর অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামসাদ চৌধূরী এবং এসডিএস-এর প্রধান নির্বাহী ফেরদৌসি বেগম মৌসূমী। সভা পরিচালনা করেন ইলমার সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে আতিয়া চৌধূরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে বিভিন্ন সামাজিক ও পারিবারিক কারণে এখনও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে সরকারের পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারীদের নিয়ে কাজ করা সংগঠনগুলোকেও আরও সক্রিয় হতে হবে এবং সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বের বিকাশ, যুবসমাজকে সম্পৃক্তকরণ, শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, নারী নির্যাতনবিরোধী আইন ও ডিজিটাল সেবার কার্যকর প্রয়োগ নিশ্চিত করা, নারী শিক্ষার হার বৃদ্ধি, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ, নারী উদ্যোক্তা সৃষ্টি, নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে বিশিষ্ট নারী নেত্রী ও মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা পারু বলেন, “আমি ব্যক্তিগতভাবে জীবনের অধিকাংশ সময় নারীদের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছি। আমি বিশ্বাস করি, নীরবতা নয়—সবার সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমেই নারীর প্রতি সকল ধরনের সহিংসতা ও নির্যাতনমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

আরও পড়ুন  বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ