মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

স্বনামধন্য চিকিৎসক মেহেদী ও শেফাতুজ্জাহানের বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ চিকিৎসক সমাজ 

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ;

শেয়ার করুন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের দুই স্বনামধন্য চিকিৎসকের বিরুদ্ধে কিছু অননুমোদিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও অপপ্রচারকে কেন্দ্র করে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসক সমাজ। এসব প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার অ্যাসোসিয়েশন।

গত ২৯ জুলাই বুধবার সংগঠনটির সভাপতি প্রফেসর ডা. অসিম কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক ডা. রানা চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেহেদী হাসান এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান-এর বিরুদ্ধে কিছু অননুমোদিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচার চালানো হচ্ছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য গ্রহণ কিংবা যথাযথ তথ্য যাচাই না করেই এসব সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই। এ ধরনের অপপ্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট চিকিৎসকদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি তাঁদের পরিবারকে মানসিকভাবে হয়রানির শিকার করা এবং চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, ডা. মেহেদী হাসান ও ডা. শাফাতুজ্জাহান দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। করোনা মহামারিসহ দেশের বিভিন্ন সংকটময় সময়ে তাঁরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের মতো স্বনামধন্য চিকিৎসকদের অবদানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা শুধু তাঁদের ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত নয়, বরং সমগ্র চিকিৎসক সমাজের প্রতি চরম অসম্মানজনক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চিকিৎসকদের স্বাভাবিক পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সচেতন নাগরিকদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন  বাঁশখালী পরিবহন শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করে, ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সংশ্লিষ্ট সবাই আরও সচেতন ভূমিকা পালন করবেন।

 

শেয়ার করুন

মন্তব্য করুন