logo
এম এ মালেককে নিয়ে অপপ্রচার, চট্টগ্রাম এডিটরস ক্লাবের তীব্র নিন্দা
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক, দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান উপদেষ্টা এম এ মালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও আপত্তিকর বক্তব্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম এডিটরস ক্লাব।

চট্টগ্রাম এডিটরস ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি জনৈক মিজানুর রহমান নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবের প্রধান উপদেষ্টা এম এ মালেকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার, অপপ্রচার ও আপত্তিকর বক্তব্য প্রচার করছেন। একজন প্রবীণ ও সম্মানিত সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রামের সাংবাদিকতা ও সংবাদপত্রের জগতে এম এ মালেকের দীর্ঘদিনের অবদান ও ভূমিকা সর্বজনবিদিত। সাংবাদিকতা ও সংবাদপত্রের বিকাশে তাঁর দীর্ঘ পথচলা এবং অবদানকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই।

চট্টগ্রাম এডিটরস ক্লাবের সকল সদস্য এবং দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকবৃন্দ এ ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে এ স্বাধীনতার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের সুযোগ নেই। যেকোনো অভিযোগ বা বক্তব্য তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে উপস্থাপন করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর, মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে সকলকে দায়িত্বশীল ও সংযত আচরণের আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান উপদেষ্টা এম এ মালেকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম এডিটরস ক্লাব।

আরও পড়ুন  জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ওয়ার্ডের উদ্যেগে মানববন্ধন