চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকায় অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম। পরিবারের বসতঘর মেরামতের জন্য প্রয়োজনীয় টিন উপহার দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় পুরাতন ডাকঘর এলাকায় এক অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব টিন তুলে দেওয়া হয়। ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সহায়তা কার্যক্রমে টিনগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন ফোরামের সভাপতি ও ৩৮ নং ওয়ার্ডের আগামীর কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ হোসেন।
এ সময় ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শওকত, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার ইমরুল কায়েস শাহীন ও বদরুল ইসলাম আরমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টিন হস্তান্তরকালে ফোরামের নেতৃবৃন্দ বলেন, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দশা লাঘবে সহযোগিতা করা সংগঠনের অন্যতম লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সহায়তা পেয়ে অসহায় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে মানবিক সহায়তার পরিধি আরও বিস্তৃত হবে। ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের এ উদ্যোগকে তারা স্বাগত জানান।