চট্টগ্রাম মহানগর যুবদল ও অধীনের থানা-ওয়ার্ড কমিটি পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর যুবদল ও অধীনের থানা ও ওয়ার্ড কমিটিগুলো পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিলুপ্ত কমিটি পুনর্বহালের কথা বলা হয়।

২০১৮ সালে গঠিত হয় মহানগর যুবদলের কমিটি। বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এক চিঠির মাধ্যমে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর যুবদলের নগর, থানা ও ওয়ার্ড কমিটি একযোগে বিলুপ্ত করা হয়েছিল।তখন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি ছিলেন মোশাররফ হোসেন দীপ্তি এবং সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ শাহেদ। প্রদত্ত চিঠির মাধ্যমে এই দুইজনসহ পুরো কমিটি পুনর্বহাল হলো।

প্রদত্ত চিঠিতে বলা হয়েছে- জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে সিদ্ধান্ত কার্যকর করেছেন।

নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ কমিটি পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করে বলেন, বায়েজিদ বোস্তামী এলাকায় টার্ফে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। এ নিয়ে তদন্ত কমিটি হয়। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় নগর কমিটিসহ অধীনের ওয়ার্ড ও থানা যুবদলের তখনকার সব কমিটি পুনর্বহাল করা হয়েছে।

জানা গেছে, কমিটি বিলুপ্ত হওয়ার পর অনেকেই নেতৃত্বে আসার জন্য নানা চেষ্টা তদবির ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন। কেন্দ্র থেকেও নানাভাবে চেষ্টা করা হয় নতুন কমিটি দিতে; কিন্তু নির্বাচন, পারিপার্শ্বিক অবস্থাসহ নানা কারণে নতুন কমিটি দিতে না পারা সাংগঠনিক স্থবিরতা নেমে এসে। এর পরিপ্রেক্ষিতে পুরোনো কমিটিগুলো পুনর্বহাল করা হয়েছে। ভবিষ্যতে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলেও সূত্র জানিয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে বিসিবি'র কোচিং এডুকেশন প্রোগ্রাম শুরু
শেয়ার করুন

মন্তব্য করুন