যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১২ রবিউল আউয়াল ২৬ আগস্ট বুধবার সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে মুক্তমঞ্চে নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গনি।
বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সাবেক সভাপতি হারুনুর রশিদ, বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী।
সভায় সঞ্চালনা করেন বান্দরবান জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনী। জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন
জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সদস্য সচিব ইমদাদুল হক বাহাদুর, গাউসিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. রিদুয়ান,মাওলানা আলী আকবর, তুলাতলী বাজার জামে মসজিদ খতিব মাওলানা আজিজুল হক, কুহালং বটতলী গাউসিয়া কমিটির নেতা মো. মোরশেদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, গাউসিয়া কমিটির মো: কামাল উদ্দিন,রাজবিলা মুসলিম পাড়া গাউসিয়া কমিটির নেতা মো.মনসুর,
সহ জেলা সদর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, মানবতা ও ন্যায়বিচারের বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করলে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।
বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করে সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা। আলোচনা সভা পরে মিলাদ কিয়াম দরুদ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।