চট্টগ্রাম মা ও শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হকের চাকরি থেকে অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডা. মো. নূরুল হকের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা তার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
ডা. মো. নূরুল হক ১৯৯২ সালে চট্টগ্রাম মা ও শিশু ও জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পর্যায়ক্রমে সহকারী পরিচালক, উপ-পরিচালক এবং সর্বশেষ পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। একই প্রতিষ্ঠানে প্রায় ৩৪ বছর দায়িত্ব পালনের পর ৩০ আগস্ট তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
বক্তারা বলেন, কর্মজীবনের শুরু থেকে একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে দীর্ঘ ৩৪ বছর পর সেখানেই কর্মজীবনের সমাপ্তি ঘটানো অত্যন্ত বিরল ও গৌরবের বিষয়। তার নিষ্ঠা, দায়িত্ববোধ ও প্রতিষ্ঠানের প্রতি দীর্ঘদিনের অবদান হাসপাতাল পরিবারের সদস্যরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিদায়ী বক্তব্যে ডা. মো. নূরুল হক তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম ও উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ডোনার সদস্য মোহাম্মদ হারুন ইউসুফ, সদস্য ডা. মোহাম্মদ সারোয়ার আলম ও মোহাম্মদ আবুল হাশেম।
এ ছাড়া বক্তব্য রাখেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. এ. এস. এম. মোস্তাক আহমেদ, পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরীসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং নার্সিং কলেজের প্রিন্সিপাল, সুপারিনটেনডেন্ট, ইনস্ট্রাক্টর ও ওয়ার্ড মাস্টারসহ অনেকেই
অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা.মোহাম্মদ নূরুল হকের সহধর্মিণী ও হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন এবং ছোট মেয়ে ডা. নওশিন
অনুষ্ঠানে হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।