logo
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে হবে: এম এ আজিজ
সংবাদ প্রকাশিত:
দেশব্যাপী চলমান নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে ৩৮ নং ওয়ার্ড বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর সল্টগোলা ক্রসিং সিডিএ মার্কেট সম্মুখ চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আজম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন  চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ আজিজ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “গুপ্ত সন্ত্রাসীদের মতো হামলা চালিয়ে ও আগুন সন্ত্রাসে মেতে উঠে একটি রাজনৈতিক দল তাদের অস্তিত্বের জন্য অশনি সংকেত ডেকে আনছে। নাশকতা ও গুপ্ত হামলা চালিয়ে আওয়ামী লীগ এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। মোটরসাইকেলে এসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হচ্ছে; প্রতিটি ককটেল নিক্ষেপের বিনিময়ে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে।”
 
বর্তমান সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “বিএনপি একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। বিগত সরকারের রেখে যাওয়া বিশাল আন্তর্জাতিক ব্যাংক ঋণের বোঝা মাথায় নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় দেশের ১৮ কোটি দেশপ্রেমিক মানুষকে সচেতন থাকতে হবে। যেখানেই নৈরাজ্যকারী ও অগ্নিসন্ত্রাসীদের পাওয়া যাবে, সেখানেই তাদের প্রতিহত করে ধরে ফেলতে হবে।”
 
অনুপ্রবেশ ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে এম এ আজিজ জানান, গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে প্রচুর লোক অনুপ্রবেশ করানো হয়েছে। অচেনা ও সন্দেহভাজন কাউকে দেখলে এবং যারা এই নাশকতায় অর্থের জোগান দিচ্ছে, তাদের বিষয়ে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।   
বক্তব্যের শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ স্মরণ করে বলেন, বিএনপি একটি তৃণমূলনির্ভর সংগঠন এবং সহিংসতার রাজনীতি পরিহার করে সকলকে নিয়ে ঐক্যের রাজনীতি গড়ে তুলতেই দলটি কাজ করে যাচ্ছে। পাশাপাশি যেকোনো অপতৎপরতা রোধে প্রশাসন ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো: হানিফ সওদাগর।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশেকে পুনর্গঠনের জন্য  আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছে। বর্তমান দেশে যারা অরাজগতা তৈরি করছে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ,
মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সালাহউদ্দিন,  সাংগঠনিক সম্পাদক হাজী মো. হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু এবং মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, বন্দর থানা বিএনপি নেতা  মোঃ মহিউদ্দন,  সালাউদ্দিন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. কামরুজ্জামান, শাহানাজ বাচা, আবুবকর বকুল, মোহাম্মদ আলী আজম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, যুগ্ম সম্পাদক মোঃ হোসেন মনা, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু এবং বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।